গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। ভাষণে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতি, গণআন্দোলনের প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে জাতির সঙ্গে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।
এতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (মঙ্গলবার) রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করবে।
এদিকে, প্রধান উপদেষ্টা আজ (মঙ্গলবার) বিকেল ৫টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের প্রতিনিধি ও আহত যোদ্ধাদের উপস্থিতিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন।
এ ছাড়া এদিন জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে মানিক মিয়া অ্যাভিনিউয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।