ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি: নাসির উদ্দিন

নির্বাচন কমিশন (ইসি) ফেব্রুয়ারিতে নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি জানান, সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেই নির্ধারিত সময় অনুযায়ী নির্বাচনের আয়োজন করতে চায় ইসি।
বুধবার (৬ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে সিইসি বলেন, “আমরা সরকার থেকে প্রয়োজনীয় চিঠির অপেক্ষায় আছি। আশাকরি দ্রুতই আনুষ্ঠানিক অনুমোদন পাব।”
সিইসি বলেন, ‘ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে রাজনৈতিক দলের সঙ্গে বসা হবে। নির্বাচনের স্বচ্ছতার জন্য গণমাধ্যমের ভূমিকা এক নম্বর। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই।’
প্রধান উপদেষ্টার চিঠি পাওয়ার প্রসঙ্গে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘প্রত্যাশা করছি সরকার থেকে দ্রুত চিঠি পাব। বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে নির্বাচন নিয়ে। নির্বাচন কমিশন আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল। চ্যালেঞ্জ সত্ত্বেও ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন।’
সেপ্টেম্বরের মধ্যে ইসির নির্বাচনের প্রস্তুতি অনেকটা শেষ হয়ে যাবে বলেও জানান সিইসি।