বাজারে ঊর্ধ্বগতি,মাছ-সবজির দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে

হঠাৎ করে বাজারে অব্যাহত অস্থিরতা সৃষ্টি হয়েছে। চালের দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, তাছাড়া বেশিরভাগ সবজি এখন প্রতিকেজি ৮০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি, গত এক সপ্তাহে পেঁয়াজ, ডিম, আদা ও এলাচের মূল্যও উল্লেখযোগ্যভাবে বাড়েছে। এসব প্রয়োজনীয় পণ্যের দাম একসঙ্গে বৃদ্ধি পাওয়ায় নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্য কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনেকে নিজের সামর্থ্যের মধ্যে প্রয়োজন মেটাতে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন।
শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর কয়েকটি বাজারে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে এমনটা। খিলগাঁও তালতলা বাজারে ক্রেতা জহির উদ্দিন বলেন, পটোল আর ঢ্যাঁড়স কিনলাম ৬০ টাকা কেজিতে। অন্য কোনো সবজি এর নিচে নেই শুধু পেঁপে ছাড়া। করলা, বরবটি, কাকরোলের দাম ৮০ থেকে ১২০ টাকা চাচ্ছে। প্রয়োজনমতো সবজি কিনে খাওয়াও আমাদের মতো নিম্নবিত্ত মানুষদের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
এদিকে, বাজারে কাঁচা মরিচ ২০০ থেকে ২৪০ টাকা এবং টমেটো ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে কেজিপ্রতি।
শুধু সবজি নয়, বেশ কয়েকজন ক্রেতা বলেন, নিত্যপণ্যের বাজারদর তাদের ওপর একটা বাড়তি চাপ তৈরি করেছে। কারণ এই মুহূর্তে বাজারে চাল, সবজিসহ ডিম থেকে শুরু করে মসলাজাতীয় পণ্য, সবকিছুর দামই চড়া। দামের চাপে অনেকে বাজারের পণ্যের তালিকা ছোট করতে বাধ্য হচ্ছেন।
অন্যদিকে, রাজধানীর সেগুনবাগিচা বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে বাজারে আরও দাম বেড়েছে পেঁয়াজ, ডিম, এলাচসহ বিভিন্ন পণ্যের।
এরমধ্যে পেঁয়াজের দাম বেড়েছে প্রতি কেজিতে ১৫-২০ টাকা। ৬০-৬৫ টাকা কেজি দরে বিক্রি হওয়া পেঁয়াজ এখন ভোক্তাকে কিনতে হচ্ছে ৮০-৮৫ টাকায়। আর ১২০ টাকা ডিমের ডজন এখন ১৪০ টাকা।
পাইকারি পেঁয়াজ বিক্রেতারা বলছেন, পেঁয়াজের ভরা মৌসুম শেষ হয়ে আসছে। এরমধ্যে কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। বাজারে এর প্রভাব পড়েছে।
কারওয়ান বাজারে পাইকারি বিক্রেতা জুবায়ের আলী বলেন, কয়েকদিন আগে পাইকারিতে প্রতি পাল্লা ২৫০ টাকায় বিক্রি হয়েছে। এখন ৩৪০ থেকে ৩৬০ টাকায় বিক্রি করছি।
তিনি জানান, উৎপাদন এলাকায় পেঁয়াজের দাম কয়েক দিন বেড়েছে। পাবনা-ফরিদপুর এলাকার মোকামে প্রতিমণ পেঁয়াজের দাম প্রায় ৪০০ টাকা বেড়েছে।
বাড়তি দামের কারণ হিসেবে ডিম ব্যবসায়ীরা বলছেন, ডিমের ওপর নতুন একটি একটি চাপ তৈরি হয়েছে। কারণ ঢাকার বাজারে বৃষ্টির প্রভাবে সবজির সরবরাহ কমে গেছে। এতে করে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, যা অনেকটাই সাধারণ মানুষের নাগালের বাইরে। এই পরিস্থিতিতে সাধারণত ডিমের চাহিদা বেড়ে গেছে।
বাজারে প্রতি ১০০ গ্রাম এলাচ আগে ৪০০ টাকা বিক্রি হলে এখন সেটি সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকায় উঠেছে। পাশাপাশি প্রতি কেজি আদার দাম ১৮০ টাকা থেকে বেড়ে হয়েছে ২২০ থেকে ২৫০ টাকা।
চড়া চালের দামে নিম্নমুখী কোনো প্রবণতা নেই। মাস দেড়েক ধরে উচ্চমূল্যে বিক্রি হচ্ছে চাল। মোটা চালের দামই এখন ৬০ টাকার বেশি। মাঝারি মানের এক ধরনের কিছু মিনিকেট ও নাজির রয়েছে, যেটা শুধু ৬৫-৭০ টাকায় পাওয়া যায়। এছাড়া বাকি সব চালের দাম সাধারণত ৭৫-৮৫ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আর খুব ভালো মানের বিভিন্ন ব্র্যান্ডের চালের দাম ৯০ থেকে ১০০ টাকা ছুঁইছুঁই করছে। রাজধানীর মাছের বাজারে গত সপ্তাহে সরবরাহ কম থাকলেও আজ বেড়েছে। বাজারে ছোট-বড় কম বেশি বিভিন্ন প্রজাতির মাছ দেখা গেছে। সরবরাহ বেশি থাকায় গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কম। তবে বড় আকারের মাছের দাম তুলনামূলক বেশি হওয়ায় সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। ছোট রুই আর পাবদা মাছের দাম কিছুটা কম হওয়ায় সাধারণ ক্রেতারা এই মাছের দিকে বেশি ঝুঁকছেন।
শুক্রবার (৮ আগস্ট) সকালে রাজধানীর পলাশী কাঁচাবাজার মাছের মার্কেট ও নিউমার্কেটের মাছ বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় মাছের দাম কিছুটা কমেছে। তবে বড় মাছের দাম বেশি হওয়ায় সাধারণ ক্রেতারা কিনতে হিমশিম খাচ্ছেন। বেশিরভাগ ক্রেতার সঙ্গে কথা বলে বাজারে থাকা ছোট আকারের মাছ কেনার প্রতি আগ্রহ বেশি দেখা গেছে।
অন্যদিকে বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় বাজারে মাছ সরবরাহ বেশি, তাই দাম কিছুটা কমেছে। ক্রেতারাও গত সপ্তাহের তুলনায় বেশি পাচ্ছেন। তবে বড় মাছের প্রতি আগ্রহ কিছুটা কম বলে জানিয়েছেন তারা।
বাজার ঘুরে দেখা যায়, দেশি কই ৪০০ টাকা কেজি, শিং ৭০০ টাকা কেজি, ছোট রুই ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ছোট আকারের পাঙাশ প্রতি কেজি ২৫০ টাকা আর বড় আকারের পাঙাশ (৫ থেকে ৬ কেজি) ৪০০ থেকে ৫০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৫ থেকে ৮ কেজি ওজনের কাতল প্রতি কেজি ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা এবং ১০ থেকে ১১ কেজির কাতল ৮০০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া ছোট চিংড়ি প্রতি কেজি ৪০০ টাকা, ফলই ৪০০ টাকা কেজি, পাবদা ৪০০ টাকা, ছোট তেলাপিয়া মাছ ২০০ টাকা আর বড় তেলাপিয়া ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে পলাশী কাঁচাবাজার মাছের মার্কেট ও নিউমার্কেটের মাছ বাজারে দামের ক্ষেত্রে তেমন একটা তারতম্য দেখা যায়নি। বিভিন্ন প্রকার মাছ ভেদে ১০ থেকে ২০ টাকা কমবেশি হতে দেখা গেছে।