হালনাগাদ ভোটার তালিকার খসড়া আজ প্রকাশ করছে ইসি

নির্বাচন কমিশন (ইসি) আজ রোববার হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করছে। এতে যাদের তথ্যের মধ্যে কোনো ভুল বা ত্রুটি থাকবে, তারা আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের আবেদন করতে পারবেন। শনিবার ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
এবারের হালনাগাদে প্রায় ৪৪ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছেন। তাদের তথ্য খসড়া সম্পূরক তালিকায় প্রকাশ করা হবে। উপজেলা কর্মকর্তারা তালিকাটি নির্ধারিত স্থানে সাঁটিয়ে দেবেন।
সম্পূরক ভোটার তালিকা প্রকাশের পর যোগ্য ব্যক্তির নাম অন্তর্ভুক্তি, মৃত্যুজনিত বা অযোগ্য ব্যক্তির নাম কর্তন, ভোটার স্থানান্তর এবং তথ্য সংশোধনের জন্য ২১ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে (ফরম-২, ফরম-১২, ফরম-১৩ ও ফরম-১৪ ব্যবহার করে)। এসব আবেদন সংশ্লিষ্ট উপজেলা/থানা নির্বাচন অফিসার ও রেজিস্ট্রেশন অফিসার ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করবেন। পরবর্তী কার্যক্রম শেষে ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন। এ ছাড়া যাদের বয়স ৩১ অক্টোবরের মধ্যে ১৮ বছর পূর্ণ হবে, তারাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় যুক্ত হবেন।
এন কে/বিএইচ