বাধ্যতামূলক অবসরে ৯ পুলিশ কর্মকর্তা

পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
গত বৃহস্পতিবার (৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আলাদা প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানো হয়।
অবসরে পাঠানে কর্মকর্তারা হলেন- নৌ-পুলিশে কর্মরত যমুনা সেতু-পূর্ব নৌ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. কামাল হোসেন, সিআইডির মৌলভীবাজারের পুলিশ পরিদর্শক নুরুল ইসলাম, টাঙ্গাইলের মধুপুর সার্কেল অফিসের পুলিশ পরিদর্শক আবু বকর সিদ্দিক, টুরিস্ট পুলিশের মুন্সিগঞ্জ ও পদ্মা সেতু জোনের পরিদর্শক মামুন অর রশিদ, নারায়ণগঞ্জ জেলার রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক এস এম কামরুজ্জামান, সিআইডি নরসিংদীর পুলিশ পরিদর্শক আব্দুল কুদ্দুস ফকির, বগুড়ার এপিবিএন ৪ এর পুলিশ পরিদর্শক শিকদার শামীম হোসেন, সিআইডি কন্ট্রোল রুমের পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ এবং কুলাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সেলিমুজ্জামান।
জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা পালনের কারণে এবং ছাত্র-জনতার বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।