উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি, কালো তালিকাভুক্ত ৭১ পরীক্ষক

চলতি বছরের (২০২৫ সাল) এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বহীনতা ও অবহেলার প্রমাণ পাওয়ায় ৭১ জন প্রধান পরীক্ষক ও পরীক্ষককে কঠোর শাস্তির মুখে পড়তে হয়েছে। তাদেরকে আগামী ৫ বছরের জন্য কালো তালিকাভুক্ত করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা।
বোর্ড জানিয়েছে, এই ৭১ জন শিক্ষক আগামী ৫ বছরের মধ্যে বোর্ডের নিয়ন্ত্রণাধীন অনুষ্ঠিতব্য কোনো পাবলিক পরীক্ষায় প্রধান পরীক্ষক, পরীক্ষক বা নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।
শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, উত্তরপত্র মূল্যায়নে দায়িত্বজ্ঞানহীনতা পরীক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করে এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রভাবিত করে। তাই অনিয়ম ও অবহেলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ঢাকা শিক্ষা বোর্ড প্রতি বছর এসএসসি পরীক্ষার আয়োজন করে এবং উত্তরপত্র মূল্যায়নের জন্য অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ দেয়। তবে চলতি বছর বিভিন্ন অনিয়ম ও অসতর্ক মূল্যায়নের কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো।
বুধবার (২০ আগস্ট) বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে দায়িত্বে অবহেলা শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করে। তাই শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করতে এ ধরনের কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে যেকোনো পরীক্ষায় উত্তরপত্র মূল্যায়নে অবহেলার ঘটনা প্রমাণিত হলে একইভাবে শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানদের কালো তালিকাভুক্ত শিক্ষকদের নাম দ্রুত ই-এফটি থেকে কর্তন করে বোর্ডকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
সবচেয়ে বেশি শিক্ষক কালো তালিকাভুক্ত হয়েছেন ইংরেজি প্রথম ও দ্বিতীয়পত্রের। এর বাইরে বাংলা, গণিত, উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, ইসলাম শিক্ষা, ব্যবসায় উদ্যোগ, হিসাববিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়সহ বিভিন্ন বিষয়ে মূল্যায়নে অবহেলার কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।
আর শিক্ষকদের মধ্যে কেউ কেউ সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ। প্রধান শিক্ষকদের মধ্যে রয়েছেন টাঙ্গাইলের ঘাটাইলের মুরাইদ গড়বাজার আইডিয়াল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইসহাক আলী, রাজবাড়ীর আরাবাড়িয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুল মান্নান, নারায়ণগঞ্জের হাজী পান্ডে আলী হাই স্কুলের প্রধান শিক্ষক শিশির কুমার বালা, মানিকগঞ্জ সরকারি হাই স্কুলের শিক্ষক মো. মোস্তাক আহমেদ।