হাইকোর্টের ২৫ নতুন বিচারপতির শপথ দুপুরে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ২৫ জন আজ শপথ গ্রহণ করবেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাঁদের শপথবাক্য পাঠ করাবেন। সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২৫ আগস্ট) রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁদের নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁদের অনধিক দুই বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে।
নিয়োগ পাওয়া ২৫ জনের মধ্যে ৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তা, ৯ জন সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ৭ জন আইন কর্মকর্তা আছেন।
নিয়োগপ্রাপ্তরা হলেন:
সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম শাহীন, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ নুরুল ইসলাম, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের (সিনিয়র জেলা ও দায়রা জজ), সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (সিনিয়র জেলা ও দায়রা জজ) আজিজ আহমেদ ভুঞা, আইনজীবী রাজিউদ্দিন আহমেদ, আইনজীবী ফয়সল হাসান আরিফ, যুগ্ম সচিব (সিনিয়র জেলা জজ) এস. এম. সাইফুল ইসলাম, আইনজীবী মো. আসিফ হাসান, আইনজীবী মো. জিয়াউল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল দিহিদার মাসুম কবীর, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম, বিচার কমিশনের সচিব (সিনিয়র জেলা জজ) মুরাদ-এ-মাওলা সোহেল, ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, সলিসিটর মো. রাফিজুল ইসলাম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুর আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. লুৎফর রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম, আইনজীবী ফাতেমা আনোয়ার, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহমুদ হাসান, আইনজীবী আবদুর রহমান, আইনজীবী সৈয়দ হাসান যুবাইর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ. এফ. এম. সাইফুল করিম, আইনজীবী উর্মি রহমান এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস. এম. ইফতেখার উদ্দিন মাহমুদ।
এন কে/বিএইচ