মুন্সিগঞ্জে পুলিশ ক্যাম্পে হামলা: দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার

মুন্সিগঞ্জের গজারিয়ায় পুলিশের অস্থায়ী ক্যাম্পে জলদস্যুদের হামলার ঘটনায় দ্রুত যৌথ বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে সোমবার (২৫ আগস্ট), মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্থায়ী ক্যাম্পে টহলরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে নৌ-ডাকাতরা গুলি চালায়। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ত্রিশ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে গোলাগুলি চলে। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।
এ বিষয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, মুন্সিগঞ্জের গজারিয়ায় লুট করা অস্ত্র দিয়ে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে যৌথ বাহিনী।
এ সময় খাল দখলকারীদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই এলাকায় (শুভাঢ্যা খাল এলাকা) ভূমিদস্যুর সংখ্যা বেশি। সবাই মিলে প্রতিরোধ করতে হবে। খাল দূষণকারী ও দখলকারীদের বিরুদ্ধে স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলতে হবে।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘খালের পাড় যেন দখল না হয়, সেজন্য ঢালাই করে দেয়া হবে।’