কাকরাইল সংঘর্ষে আইএসপিআরের ব্যাখ্যা

রাজধানীর কাকরাইল এলাকায় দুটি রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় ব্যাখ্যা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হন। প্রথমে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে সংঘর্ষ তীব্র হলে তারা সেনাবাহিনীর সহযোগিতা চায়। এ সময় পুলিশের ওপরও হামলা হয়, যাতে কয়েকজন সদস্য আহত হন।
বিবৃতিতে আরও বলা হয়, সংঘর্ষের শুরুতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায়। কিন্তু কিছু নেতাকর্মী তা উপেক্ষা করে মব ভায়োলেন্স চালায়। রাত ৯টার দিকে তারা মশাল মিছিল বের করে সহিংসতা বাড়ায়, ইটপাটকেল নিক্ষেপ করে এবং কিছু স্থাপনায় অগ্নিসংযোগের চেষ্টা চালায়। এতে বিজয়নগর, নয়াপল্টন ও আশপাশের এলাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়।
আইএসপিআরের ভাষ্যমতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী বাধ্য হয়ে বলপ্রয়োগ করে। ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, সরকার মব ভায়োলেন্সের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সেনাবাহিনীও সেই অবস্থান পুনর্ব্যক্ত করেছে এবং জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সর্বদা বদ্ধপরিকর।
এন কে/বিএইচ