ডিসি পদে লটারির নিয়োগের সম্ভাবনা নাকচ করলেন জনপ্রশাসন সচিব

আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে লটারির মাধ্যমে পুলিশ সুপার (এসপি) নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হলেও জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে এমন কোনো প্রক্রিয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনোদিন সিভিল সার্ভিসে লটারির মাধ্যমে পদায়ন হয়নি, এখনো হচ্ছে না, হবে না।
সচিব আরও বলেন, অভিযোগের ভিত্তিতে কিছু ডিসিকে প্রত্যাহার করা হয়েছে। নতুন নিয়োগের ক্ষেত্রে যুগ্মসচিবদের মধ্য থেকে বাছাই করা হবে। যেসব ডিসি ভালো করছেন, তাদের জায়গায় পরিবর্তনের প্রয়োজন নেই।
নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সিভিল প্রশাসন এবং পুলিশ মিলেই মাঠ প্রশাসন। নির্বাচন নিয়ে যথাযথ প্রস্তুতি ও হোমওয়ার্ক থাকলে ভোটের দিন কোনো সমস্যা হবে না।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এসপি নিয়োগ লটারির মাধ্যমে হলেও ডিসি পদায়নের ক্ষেত্রে প্রচলিত প্রক্রিয়াই বজায় থাকবে। এ বিষয়ে সচিব বলেন, ইউএনও বদলি করেন বিভাগীয় কমিশনার। আর ডিসি নিয়োগ হয় ফিট লিস্ট ও কমিটির মাধ্যমে। এরপর প্রধান উপদেষ্টা অনুমোদন দেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।
তিনি স্পষ্ট করে বলেন, ডিসি নিয়োগের প্রক্রিয়ায় এককভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্ত কার্যকর হয় না, বরং এটি সমন্বিত প্রক্রিয়া।