বাংলাদেশে আজ দৃশ্যমান পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

বাংলাদেশসহ বিশ্বের নানা প্রান্ত থেকে আজ (রোববার) পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এ বিরল দৃশ্য প্রত্যক্ষ করা সম্ভব হবে।
আজ রাত থেকে শুরু হয়ে এ চন্দ্রগ্রহণ চলবে আগামীকাল ৮ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। দীর্ঘ ৭ ঘণ্টা ২৭ মিনিট স্থায়ী হবে এ গ্রহণ। বাংলাদেশ সময় রাত ৯টা ২৮ মিনিটে এর সূচনা হবে বলে জানা গেছে।
আকাশ মেঘমুক্ত থাকলে আজকের রাত দেশবাসীর জন্য হতে যাচ্ছে এক বিশেষ জ্যোতির্বৈজ্ঞানিক অভিজ্ঞতা।
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে পূর্বে ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত বিস্তৃত এলাকায়। এ অঞ্চলের পূর্ব ও পশ্চিম প্রান্তের বাইরে আংশিক চন্দ্রগ্রহণও দেখা যাবে।
তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় ৯০ শতাংশ এলাকায় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে না।