ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার প্রতিনিধিদল বাংলাদেশে

ইউরোপীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক উপ-কমিটির একটি প্রতিনিধিদল আগামী ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করবে। এই সফরের সময় তারা বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সম্পর্কের মানবাধিকার সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি কক্সবাজারে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রা ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার সুযোগও থাকবে।
ইউরোপীয় পার্লামেন্টের এক বিবৃতিতে জানানো হয়, পাঁচ সদস্যের এই প্রতিনিধিদল অন্তর্বর্তীকালীন সরকার, বিভিন্ন এনজিও ও সুশীল সমাজ, শ্রমিক সংগঠন এবং বাংলাদেশে কর্মরত বহুপাক্ষিক সংস্থাগুলোর প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে।
তিন দিনব্যাপী এই সফরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন। সেখানে তারা ২০১৭ সালে মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গার মানবিক পরিস্থিতি মূল্যায়ন করবেন।
সফরটি এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন ২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ একটা রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে।
শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে নির্বাচনী ব্যবস্থা, বিচার বিভাগ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সংস্কার কার্যক্রম শুরু করেছে।
এদিকে, ইইউ ও বাংলাদেশ একটি নতুন ‘অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি (পিসিএ) নিয়ে পুনরায় আলোচনা শুরু করেছে।
প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন মৌনির সাতুরি (গ্রিনস/ইএফএ, ফ্রান্স)। দলে আরো রয়েছেন ইসাবেল উইসেলার-লিমা (ইপিপি, লুক্সেমবার্গ), আরকাদিউস মুলারচিক (ইসিআর, পোল্যান্ড), উরমাস পায়েত (রিনিউ ইউরোপ, এস্তোনিয়া), এবং ক্যাটারিনা ভিয়েরা (গ্রিনস/ইএফএ, নেদারল্যান্ডস)।