ডিবি পুলিশের অভিযানে আটক সাবেক ডিআইজি

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সাবেক ডিআইজি ও মেহেরপুরের সাবেক পুলিশ সুপার এ কে এম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর ইস্কাটনে তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, নাহিদুল ইসলামের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। তবে গ্রেপ্তারের কারণ ও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এ কে এম নাহিদুল ইসলাম দীর্ঘ পুলিশি জীবনে বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তিনি ডিআইজি পদে পদোন্নতি পান। মেহেরপুরে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছিল।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ তদন্তাধীন ছিল। এই তদন্তের ধারাবাহিকতায়ই তাকে আটক করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানান, তদন্তের স্বার্থে আপাতত বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। খুব শিগগিরই বিষয়টি সম্পর্কে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হবে।
ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে নাহিদুল ইসলামকে তদন্ত–সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের বড় ছেলে ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের মূল আসামি হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে।
এর আগে গত ২৮ জুলাই একেএম নাহিদুল ইসলামকে বাধ্যতামূলত অবসরে পাঠানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বলা হয়, জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো। বিধি অনুযায়ী তিনি অবসর সুবিধা পাবেন।
এ কে এম নাহিদুল ইসলাম ২০২৩ সালের ১১ জুলাইয়ে পদোন্নতি পেয়ে ডিআইজি হন। তখন তিনি সিআইডির অতিরিক্ত ডিআইজি ছিলেন। পদোন্নতির পর তাকে সিআইডিতে রাখা হয়। গত ১লা সেপ্টেম্বর নাহিদুল ইসলামকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ টেলিকমে সংযুক্ত করা হয়। তিনি একসময় খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশন অ্যান্ড ক্রাইম) ছিলেন।