ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন: নৌপরিবহণ উপদেষ্টা

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বরিশালের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্পন্ন করা হবে।”
তিনি আরও উল্লেখ করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করছে। জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতেই নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান তিনি।
উন্নয়ন প্রকল্প পরিদর্শনের সময় নৌপরিবহণ উপদেষ্টার সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সাখাওয়াত বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে কোনো সন্দেহ নেই। এ বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের মধ্যে কোনো সংশয় নেই।
তিনি বলেন, ইসি নির্বাচন পরিচালনা করবে। এখানে আমাদের কিছু করণীয় থাকবে না। সেই নির্বাচনের মধ্যদিয়ে যারা ক্ষমতায় আসবে তারা গণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে।
এ সময় খাল পুনরুদ্ধার, পোর্ট রোড ও প্যাসেঞ্জার টার্মিনাল প্রকল্পের অগ্রগতি ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা।
সাখাওয়াত হোসেন বলেন, বরিশাল থেকে রাজধানীমুখী যাত্রীদের জন্য নতুন আকর্ষণ হিসেবে প্যাডেল জাহাজ চালু হতে যাচ্ছে। আগামী অক্টোবর থেকেই এই জাহাজ চলাচল শুরু হবে। এতে শুধু যাত্রী সেবা নয়, পর্যটন খাতও নতুন গতি পাবে।
তিনি আরও বলেন, মীরগঞ্জ সেতু নির্মাণ এবং হিজলা-মুলাদীতে বাঁধ তৈরির জন্য প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা বরাদ্দ আনার চেষ্টা চলছে। এছাড়া ভোলার গ্যাস বরিশালে আনার বিষয়ে আলোচনা চলছে।
আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।