তিস্তা ও দুধকুমার নদীতে বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা

আগামী তিন দিনে দেশের বিভিন্ন অঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
তাদের সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।
সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এ ছাড়া সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানিও আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। এই সময়ে মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।