চীনের গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভে যোগদানের জন্য বাংলাদেশকে আহ্বান

চীন বাংলাদেশকে ন্যায়সঙ্গত ও ভারসাম্যপূর্ণ বৈশ্বিক শাসন ব্যবস্থায় অংশগ্রহণের জন্য গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ (জিজিআই) এ আমন্ত্রণ জানিয়েছে। চীনের প্রেসিডেন্ট সি জিনপিং-এর নেতৃত্বে গৃহীত এই উদ্যোগের লক্ষ্য হলো বৈশ্বিক শাসন ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় একটি সমন্বিত ‘চীনা সমাধান’ উপস্থাপন করা। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গত সোমবার ঢাকায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠককালে এই আমন্ত্রণের কথা জানান এবং দুই দেশের সহযোগিতা আরও দৃঢ় করার আশ্বাস দেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার চীনা দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সোমবারের বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্ক, প্রত্যক্ষ সহযোগিতা, বৈশ্বিক শাসন উদ্যোগ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
চীনা রাষ্ট্রদূত ইয়াও বলেন, উভয় দেশই সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছে। দু’দেশের মধ্যে সহযোগিতা নির্বিঘ্নে চলছে এবং বন্ধুত্ব আরও সুদৃঢ় হয়েছে।
তিনি আরো বলেন, দু’দেশের নেতাদের মধ্যে গৃহীত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন বাংলাদেশের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত।
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম (গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভকে (বৈশ্বিক শাসন উদ্যোগ) স্বাগত জানিয়ে এর প্রশংসা করেন। তিনি এটিকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সি জিনপিংয়ের সময়োপযোগী উদ্যোগ হিসেবেও উল্লেখ করেন।
বাংলাদেশও দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচক অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ এবং দুই দেশের জনগণের কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা গভীর করার ইচ্ছা পুনর্ব্যক্ত করে।