জাতিসংঘের অধিবেশনে অংশ নিতে ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, এই অধিবেশনে বাংলাদেশ রোহিঙ্গা সংকট, গণতন্ত্র, জলবায়ু পরিবর্তন ও শান্তিরক্ষা কার্যক্রমসহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে অবস্থান তুলে ধরবে।
এবার প্রথমবারের মতো ‘মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি’ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেবেন, যেখানে গণতন্ত্র, টেকসই উন্নয়ন, অভিবাসন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে বক্তব্য রাখবেন।
সফরের সময় তিনি জাতিসংঘ মহাসচিব এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এছাড়া কমনওয়েলথ, ওআইসি, জি-৭৭ ও বিমস্টেকসহ বিভিন্ন সাইডলাইন বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।