আবারও ধরা পড়লেন সনি হত্যা মামলার আসামি টগর

রাজধানীর আজিমপুর এলাকা থেকে র্যাব-৩ এর হাতে গ্রেপ্তার হয়েছেন বহুল আলোচিত সনি হত্যা মামলার আসামি মো. মুশফিক উদ্দীন টগর। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
২০০২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনিকে হত্যার ঘটনায় আলোচনায় আসেন টগর। মামলার আসামি হিসেবে দীর্ঘদিন কারাগারে ছিলেন তিনি। তবে বিশেষ বিবেচনায় মুক্তি পাওয়ার পর ফের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।
র্যাব জানায়, এবার তিনি অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টগর অস্ত্র কেনাবেচার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে বেশ কয়েকটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
র্যাব-৩ এর কর্মকর্তারা বলেন, টগরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
র্যাব জানায়, টগরকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি রিভলবার, একটি ম্যাগাজিন, কাঠের পিস্তলের গ্রীপ, ১৫৫ রাউন্ড গুলি, শর্টগানের খালি কার্তুজ, দুটি মুখোশ ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল ফায়েজুল আরেফীন এ তথ্য জানান।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টগর জানিয়েছে, তিনি সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্র সংগ্রহ করে ঢাকায় এনে বিভিন্ন ব্যক্তির কাছে সরবরাহ করতেন। তার দেওয়া তথ্য অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।
লে. কর্নেল আরেফীন আরও জানান, টগর সনি হত্যা মামলায় ২০০২ সালের ২৪ জুন গ্রেপ্তার হন এবং দীর্ঘ সাজাভোগের পর ২০২০ সালের ২০ আগস্ট সরকারের বিশেষ বিবেচনায় মুক্তি পান। তবে মুক্তির পর থেকেই মাদক ও অস্ত্র ব্যবসায় সক্রিয় হয়ে ওঠেন তিনি।
উদ্ধার হওয়া মুখোশের বিষয় জানতে চাইলে তিনি বলেন, অনেক ক্ষেত্রে নিজের পরিচয় গোপন রাখতে এসব মুখোশ ব্যবহার করতেন। এছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতেন কি না সেটা তদন্তে জানা যাবে।