২৫৬ কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএস প্রিলি অনুষ্ঠিত

৪৭তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি (এমসিকিউ টাইপ) শনিবার, ১৯ সেপ্টেম্বর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলেছে। এই প্রিলিমিনারি পরীক্ষা ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে আয়োজন করা হয়েছিল। পরীক্ষায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সরকারি পদে নিয়োগের জন্য তাদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পেয়েছেন।
এবার ৪৭তম বিসিএসে অংশ নেয়ার জন্য আবেদন করেছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ চাকরিপ্রার্থী। এ বিসিএস নিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭; নন-ক্যাডার পদ ২০১। এ বিসিএস থেকে ক্যাডার ও নন-ক্যাডারসহ মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে। কিছু নতুন পদও যুক্ত হয়েছে এবারের বিসিএসে।
প্রসঙ্গত, গত বছরের ২৮ নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আবেদনগ্রহণ শুরু হয় ১০ ডিসেম্বর, শেষ হয় ৩১ ডিসেম্বর। এই বিসিএসে যেসব প্রার্থীর বয়স ২০২৪ সালের ১ নভেম্বর তারিখে ২১ থেকে ৩২ বছর ছিল, তারা আবেদন করতে পেরেছেন।