পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল, বদলি ৯ জন

সরকার সম্প্রতি পুলিশ সুপার (এসপি) ও অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) পদমর্যাদার ৯ কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ দিয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধির জন্য এ বদলি ও পদায়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে তালিকাভুক্ত বদলি আদেশের মধ্যে একটি সংশোধন আনা হয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলির যে সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল, তা পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে। ফলে তিনি আগের পদেই বহাল থাকবেন।
অন্যদিকে বদলিকৃত কর্মকর্তাদের শিগগিরই নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পরিবর্তনের মাধ্যমে মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের এআইজি ড. এলিজা শারমীনকে বিপিএ সারদায়, রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালী পিটিসিতে, নোয়াখালী পিটিসি পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ে, আরএমপির উপপুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র্যাবে, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যলয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামানকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এপিবিএনে, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরাকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদপ্তরে বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়েছে।
পাশাপাশি আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রুহুল আমীনকে (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশে, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমীকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পিটিসি টাঙ্গাইলে, বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকার এসবিতে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।