জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ড. ইউনূস

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হয়েছে। আজ (২৬ সেপ্টেম্বর) এই অধিবেশনে ভাষণ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের ব্রিফ করেছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন যে ভাষণে ড. ইউনূস বাংলাদেশের অবস্থান ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বার্তা তুলে ধরবেন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে তিনি অন্তর্বর্তী সরকারের গত ১৪ মাসে নেওয়া সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং গণতান্ত্রিক রূপান্তরের পদক্ষেপ তুলে ধরবেন।
তিনি বলেন, মূল বার্তা হলো— ১৫ ফেব্রুয়ারির মধ্যে মৌলিক নির্বাচন হবে। এটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর হবে।
শফিকুল আলম আরও জানান, বিশ্বনেতারা ইতোমধ্যেই আসন্ন নির্বাচনে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক ডাকসু ও জাকসু নির্বাচনের মতোই জনগণ অবাধে ভোট দিতে পারবেন।
এ সময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা জাতিসংঘে তার ভাষণে সরকারের কার্যক্রম, নির্বাচন প্রস্তুতি, বিচার কার্যক্রম এবং রোহিঙ্গা ইস্যু তুলে ধরবেন।
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর কোনো দূরত্ব নেই। সরকার নিয়মিত তাদের সঙ্গে বৈঠক করছে।
আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে শফিকুল আলম বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে আমরা দেখেছি, তারা কী করেছে। ১৫ বছরের শাসনামলে মানুষ হত্যা, গুম এবং হাজার হাজার মিথ্যা মামলা হয়েছে। এখন দেখুন আওয়ামী লীগের অবস্থা কোথায়? তাদের আর কোনো বন্ধু নেই।