জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে একসঙ্গে নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত এই প্রধান জামাত দেশের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে এক বিশেষ তাৎপর্য বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঈদের এই কেন্দ্রীয় জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহে। মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেও ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই পুরো ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
নিরাপত্তা নিশ্চিতে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান। র্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার সদস্যরা ঈদগাহে প্রবেশের পথে তিন স্তরের তল্লাশির ব্যবস্থা করেন। নির্ধারিত সময়ের অনেক আগেই মুসল্লিদের সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয়।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে এই জামাতে অংশগ্রহণকে অনেকে জাতীয় ঐক্য ও সম্প্রীতির প্রতীক হিসেবেও দেখছেন।