বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সন্ধ্যা ৬টার আল্টিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের

সন্ধ্যা ৬টার আল্টিমেটাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ, জাতির কাছে ক্ষমা প্রার্থনা এবং এইচএসসি পরীক্ষা পুনঃআয়োজনসহ তিন দফা দাবি জানিয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন এ ঘোষণা দেন।

তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং সাম্প্রতিক ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি, গত ১৩ জুলাই প্রতিকূল পরিস্থিতিতে যারা পরীক্ষা দিয়েছেন কিংবা পরীক্ষা দিতে পারেননি, তাদের কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানান তিনি।

শিক্ষার্থীদের তৃতীয় দাবি হলো, পরদিনের নির্ধারিত এইচএসসি পরীক্ষা স্থগিত করে নতুন সময়সূচি প্রকাশ করা এবং ভবিষ্যতের প্রশ্নপত্র শিক্ষার্থীবান্ধব মানদণ্ডে প্রণয়ন করা।

এর আগে বিকেল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে অবস্থান নিলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ধানমন্ডি, নিউমার্কেটসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাদের অভিযোগ, সকাল থেকে কর্মসূচি চললেও সরকারের কোনো প্রতিনিধি এখন পর্যন্ত তাদের সঙ্গে আলোচনায় আসেননি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন