বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান

ডাচ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভিসা সমস্যা সমাধানের আহ্বান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং আবেদন প্রত্যাখ্যানের হার বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বিষয়টি নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসের সঙ্গে বৈঠকে তুলে ধরেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।

শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সাইডলাইনে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি বাণিজ্য, সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং ব-দ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়।

এ সময় খলিলুর রহমান নেদারল্যান্ডসের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা পেতে দীর্ঘসূত্রতা এবং আবেদন প্রত্যাখ্যানের হার বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ নির্বিঘ্ন করতে এ সমস্যার দ্রুত সমাধানে ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র-সংক্রান্ত বিষয়ও উত্থাপন করেন এবং এ-সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ জানান।

জবাবে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডস বলেন, উত্থাপিত বিষয়গুলো পর্যালোচনা করে সন্তোষজনক সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন