বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী

প্রধানমন্ত্রীর হাত থেকে চাকরির নিয়োগপত্র পেলেন তিন প্রতিবন্ধী
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে দিনের সরকারি কার্যক্রম শুরু করেন তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি নিয়োগপত্র তুলে দেওয়ার মাধ্যমে। সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে প্রবেশের সময় তিনি তাদের হাতে নিয়োগপত্র প্রদান করেন।

প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, আত্মনির্ভরশীল করে তোলা এবং সমাজের মূলধারায় আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করার লক্ষ্যে এ নিয়োগ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিয়োগপ্রাপ্তরা হলেন গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন এবং নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী।

প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি নিয়োগপত্র পেয়ে তিনজনই আবেগ ও আনন্দ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এটি শুধু একটি চাকরি নয়, বরং জীবনের নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন।

শারীরিক প্রতিবন্ধী নীলা খাতুন জন্ম থেকেই দুই হাতবিহীন। তিনি পা দিয়ে লিখে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। তাকে রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে আয়শা আক্তারও দুই হাত না থাকায় পা দিয়ে লেখালেখি করে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের সময় তিনি মুখ দিয়ে তা গ্রহণ করেন। তাকে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

দৃষ্টি প্রতিবন্ধী মো. হাসমত আলীকে সমাজসেবা অধিদপ্তরের অধীন ইউনিয়ন সমাজকর্মী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ সময় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিবন্ধী তিন ব্যক্তির কর্মসংস্থানের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা আবদুস সাত্তার দুলাল। নিয়োগপত্র বিতরণ শেষে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।                                                                                 


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন