বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্যবসায়ী ও সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গ্যাস সরবরাহ নিয়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর সরবরাহ বেড়েছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

ড. মাহদী আমিন বলেন, ‘প্রধানমন্ত্রীর উদ্দেশ্য ছিল শিল্প-কারখানা যেন আবার সচল হয় এবং বাংলাদেশের অগ্রগতি যেন ধাবমান থাকে, সেটা নিশ্চিত করা।’

তিনি বলেন, সম্প্রতি দেশের প্রধান ব্যবসা ও শিল্প সংগঠনের শীর্ষ ২১ জন নেতা এবং গণমাধ্যমের একাংশের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করেছেন। সেখানে গ্যাস সরবরাহের সংকট কাটিয়ে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে বাস্তবতার নিরিখে সর্বোচ্চ উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মাহদী আমিন বলেন, ‘আমরা দেখেছি, অত্যন্ত স্বল্প সময়ে প্রধানমন্ত্রীর আশ্বাস বাস্তবায়ন শুরু হয়েছে। গতকাল থেকে গ্যাসের সরবরাহ অনেকটাই বেড়েছে। গ্যাস সরবরাহে যে দৃশ্যমান উন্নয়ন দেখেছি, সামনের দিনগুলোতেও সেই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গত এক মাসে সরকারের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তাঁর ভাষ্য, এসব উদ্যোগ কেবল একটি নির্দিষ্ট সময়ের সাফল্য নয়; বরং সমৃদ্ধ ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের অংশ।

তিনি বলেন, ‘প্রথাগত শাসনপদ্ধতির বেড়াজাল ভেঙে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, আইনের অনুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে প্রধানমন্ত্রী যে দায়বদ্ধতা ও পরিকল্পনার পরিচয় দিয়ে যাচ্ছেন, তা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রশংসিত হচ্ছে।’

বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বিশ্বের একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে বলেও দাবি করেন মাহদী আমিন। তিনি বলেন, মূল্যস্ফীতি ইতিবাচক ধারায় যাচ্ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে এবং বিশ্বের অনেক দেশ, এমনকি আশপাশের কয়েকটি দেশের তুলনায় বাংলাদেশে ডিজেলের দামও কম।

সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ষষ্ঠ শ্রেণি পর্যন্ত কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। কক্সবাজারে ব্লু ইকোনমি নিয়ে গবেষণার জন্য একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাদবাগান কর্মসূচি নেওয়া হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, সরকারি আর্থিক সুবিধার ক্ষেত্রে সর্বনিম্ন ২০ হাজার থেকে সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা পে-স্কেল বাস্তবায়ন করা হয়েছে। সম্পত্তির উত্তরাধিকার আইনও করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, কক্সবাজারে একটি বিশেষায়িত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ ছাড়া কওমি ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করতে দুপুরের খাবার দেওয়ার প্রক্রিয়া চলছে।

মাহদী আমিন জানান, ২০২৭ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত প্রাথমিকভাবে এ কার্যক্রম চলমান থাকবে।

এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে সরকারি প্রাণী চিকিৎসক নিয়োগ এবং কারওয়ান বাজারের পাইকারি হাট গাবতলীতে স্থানান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন