অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর মুগদার মানিকনগরে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আব্দুল্লাহ (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে মানিকনগরের আগুনের গলি এলাকার গাফফারের গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় আব্দুল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আব্দুল্লাহ গ্যারেজের মালিক আব্দুল গাফফারের মেয়ের জামাই। তিনি ওই গ্যারেজে কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।
আব্দুল গাফফার জানান, শুক্রবার রাতে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আব্দুল্লাহ। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আব্দুল্লাহ নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার এলাকার মো. কফিলুদ্দিনের ছেলে। তিনি পরিবার নিয়ে মুগদার মানিকনগরের আগুনের গলি এলাকায় বসবাস করতেন। তার দুই মেয়ে রয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।