শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মোহাম্মদপুরে কোটি টাকা চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার ৬ কালকিনিতে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত ভোলার অতিরিক্ত জেলা জজের বিরুদ্ধে বিচারিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ডেঙ্গুতে এক সপ্তাহে ৩৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৪৮৪ ডেঙ্গু মোকাবিলায় কনটেন্ট ক্রিয়েটরদের এগিয়ে আসার আহ্বান বরফ গলনে বদলাচ্ছে পৃথিবীর আকৃতি, মেরু উঠছে—বিষুবীয় ভূমি নামছে পশ্চিম তীরে প্রেস টিভির নারী সাংবাদিককে আটকের অভিযোগ গুলশান-বনানীর লেক দূষণ বন্ধে সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর নবায়নযোগ্য জ্বালানিতে ১ হাজার ৫০০ কোটি টাকার ঋণ দেবে সরকার হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৪৬
  • যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনেও সতর্কতা বাড়াচ্ছেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসনেও সতর্কতা বাড়াচ্ছেন ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    একজন আফগান অভিবাসীর হাতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর হামলার ঘটনার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৈধ অভিবাসন ব্যবস্থায় কঠোরতা আরোপের দিকে এগোচ্ছেন। এই পদক্ষেপটি তার প্রথম মেয়াদে নেওয়া নীতিগুলোর পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে, যা একই ধরনের আইনি বাধার মুখোমুখি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

    ঘটনার দুই দিনেরও কম সময়ের মধ্যে ট্রাম্প আফগান অভিবাসন আবেদন প্রক্রিয়া স্থগিত করেন, আগের প্রশাসনে আশ্রয় পাওয়া সব আবেদনকারীর পুনর্মূল্যায়নের নির্দেশ দেন এবং ১৯টি দেশের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় আরো কঠোর যাচাই-বাছাইয়ের ইঙ্গিত দেন।

    এই বছরের জানুয়ারিতে ক্ষমতায় ফেরার পর থেকেই ট্রাম্প অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছেন—যুক্তরাষ্ট্রের বিভিন্ন বড় শহরে ফেডারেল এজেন্ট পাঠানো এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানোর মতো পদক্ষেপ নিয়েছেন। তবে বৈধ অভিবাসন ব্যবস্থায় পরিবর্তনের বিষয়টি আগে তেমনভাবে সামনে আনেননি।

    বুধবারের হামলার পর ঘোষিত নতুন বিধিনিষেধগুলো ইঙ্গিত দেয় যে তার প্রশাসন এখন জাতীয় নিরাপত্তার যুক্তি দেখিয়ে বৈধ অভিবাসনেও নজরদারি জোরদার করতে চাইছে এবং আগের প্রেসিডেন্ট জো বাইডেনের তুলনামূলক শিথিল নীতিকে দায়ী করছে।

    নতুন সিদ্ধান্তগুলোর কিছু সম্পূর্ণ নতুন—যেমন সব আফগান অভিবাসন আবেদন স্থগিত—আবার কিছু ২০১৭-২০২১ মেয়াদে চালু হওয়া ট্রাম্প যুগের পুরনো নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠছে।

    ডগ র‌্যান্ড (বাইডেন প্রশাসনের সাবেক অভিবাসন কর্মকর্তা) বলেন, এই পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের আগের পরিকল্পনাগুলোই দ্রুত বাস্তবায়নের চেষ্টা, যা আমাদের নিরাপদ করবে না।

    সমালোচকরা বলছেন, একটি বিচ্ছিন্ন ঘটনার কারণে আফগানিস্তানসহ নির্দিষ্ট দেশের অভিবাসীদের অন্যায়ভাবে দায়ী করা হচ্ছে।

    ভেটেরান ও স্বেচ্ছাসেবকদের সংগঠন আফগানএভ্যাক এক বিবৃতিতে বলেছে যে, এই সহিংস ঘটনা পুরো আফগান অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করে না; তারা যুক্তরাষ্ট্রে বহুমুখী অবদান রেখে যাচ্ছে এবং সবচেয়ে কড়াকড়ি যাচাই-বাছাইয়ের মধ্য দিয়ে আসে।

    রিপাবলিকান কংগ্রেসম্যান মাইক ললারও বলেন যে কঠোর যাচাই জরুরি হলেও, যুক্তরাষ্ট্রকে আফগান মিত্রদের প্রতি অঙ্গীকার ভাঙা উচিত নয়।

    এদিকে ট্রাম্পের নতুন অভিবাসন কড়াকড়ি এমন সময়ে আসছে যখন জরিপে তার অভিবাসন নীতির জনপ্রিয়তা কিছুটা কমেছে।

    রয়টার্স/ইপসোস জরিপে দেখা যায়, নভেম্বরের মাঝামাঝি ট্রাম্পের অভিবাসন নীতিতে সমর্থন ছিল ৪১ শতাংশ—যা মার্চে ছিল ৫০ শতাংশ।

    একদিকে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে আরো বিস্তৃত পরিবর্তনের ইঙ্গিত দিলেও, সরকারি সংস্থাগুলো আপাতত সীমিত পরিসরে পদক্ষেপ ঘোষণা করেছে।

    ট্রাম্প ‘থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি’ থেকে অভিবাসন স্থায়ীভাবে বন্ধ রাখার কথা বললেও, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায় যে বিষয়টি মূলত আগের ১৯টি ভ্রমণ নিষেধাজ্ঞার দেশকেই বোঝায়—যার মধ্যে আফগানিস্তান এরই মধ্যে সম্পূর্ণ নিষিদ্ধ।

    ইউএসসিআইএস প্রধান জো এডলো জানান যে ‘উদ্বেগজনক দেশ’ থেকে গ্রীন কার্ড আবেদনগুলো কঠোরভাবে পুনর্মূল্যায়ন করা হবে।

    হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তদন্ত শুরু করেছে বাইডেন প্রশাসনে অনুমোদিত সব আশ্রয় মামলা পুনর্বিবেচনা করার জন্য। বিশেষজ্ঞরা বলছেন, এত বিপুল সংখ্যক পুরোনো মামলা পুনরায় খোলা নজিরবিহীন এবং এতে সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘ বিলম্ব হবে।

    ট্রাম্প আরও বলেছেন, তিনি অ-নাগরিকদের জন্য ফেডারেল সুবিধা বন্ধ করবেন, আইন ভঙ্গ করলে নাগরিকত্ব বাতিল করবেন এবং যারা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাদের দেশ থেকে বিতাড়িত করবেন। বিশেষজ্ঞরা বলছেন, এসব প্রস্তাবের অনেকগুলোই আদালতে টিকবে না।

    হোয়াইট হাউজের মুখপাত্র অ্যাবিগেইল জ্যাকসন ডেমোক্র্যাটদের প্রতিরোধকে দায়ী করে বলেছেন যে ট্রাম্প প্রশাসন দেশকে সুরক্ষিত করতে সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে।

    ডেমোক্র্যাট নেতারা পাল্টা যুক্তি দিয়ে বলেন যে ট্রাম্পের কঠোর পদক্ষেপগুলো প্রকৃত অপরাধীর বদলে সাধারণ অভিবাসীদেরও টার্গেট করছে এবং পরিবারগুলোকে বিচ্ছিন্ন করে দিচ্ছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন