শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে পিট হেগসেথ

    ইরান যুদ্ধ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসনের মুখে পিট হেগসেথ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে সামরিক সংঘাতে কংগ্রেসের অনুমোদন না নেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিশংসন প্রস্তাবের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তাঁর বিরুদ্ধে আটটি অভিশংসন ধারা প্রতিনিধি পরিষদে উত্থাপন করেছেন রিপাবলিকান আইনপ্রণেতা থমাস ম্যাসি।

    সোমবার কেন্টাকির এই প্রতিনিধি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভসে প্রস্তাবটি উপস্থাপন করেন। এতে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানে সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা বিভাগের শীর্ষ পর্যায়ে একক সিদ্ধান্তে কর্মকর্তাদের বরখাস্ত এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

    প্রস্তাবে আরও অভিযোগ করা হয়েছে, অ্যারিজোনার ডেমোক্র্যাট সিনেটর ও সাবেক সামরিক কর্মকর্তা মার্ক কেলিকে বিপদে ফেলতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

    কংগ্রেসের নিয়ম অনুযায়ী, আগামী দুই দিন প্রস্তাবটির পক্ষে-বিপক্ষে আলোচনা ও ভোট হওয়ার কথা রয়েছে। তবে প্রস্তাবের সরাসরি ভোট এড়িয়ে যাওয়ার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ম্যাসি। সাংবাদিকদের তিনি বলেন, রিপাবলিকান নেতৃত্ব কোনো পদ্ধতিগত প্রস্তাবের মাধ্যমে অভিশংসন প্রক্রিয়া থামিয়ে দিতে পারে।

    এক সংবাদ সম্মেলনে ম্যাসি বলেন, ‘তারা হয়তো মূল বিষয়ের ওপর সরাসরি ভোট দেওয়া থেকে বিরত থাকার চেষ্টা করবে। কিন্তু এই আটটি অভিশংসন ধারার ওপর আমাদের ভোট নেওয়া উচিত এবং এ নিয়ে কঠোর বিতর্ক হওয়া প্রয়োজন।’

    প্রতিনিধি পরিষদে বর্তমানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। ফলে প্রস্তাবটি পাস হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে প্রস্তাবটি প্রতিনিধি পরিষদে গৃহীত হলেও সিনেটে হেগসেথকে দোষী সাব্যস্ত করা কঠিন হবে। কারণ, অভিশংসনের পর দোষী সাব্যস্ত করতে সিনেটের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন ৫৩টি।

    এদিকে হেগসেথের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ও ভেনেজুয়েলায় সামরিক কার্যক্রমের প্রসঙ্গ টেনে হেগসেথ দুটি যুদ্ধে জয়ী হয়েছেন। তাই তাঁকে কীভাবে অভিশংসিত করা যায়, তা তাঁর বোধগম্য নয়।

    পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, হেগসেথ অভিশংসনের মুখে পড়লেও তিনি তাঁর পাশে থাকবেন। একই সঙ্গে অভিশংসন প্রস্তাব উত্থাপনকারী ম্যাসিকে ‘স্টোন-কোল্ড লুজার’ বা পুরোপুরি ব্যর্থ ব্যক্তি বলে আখ্যা দেন তিনি।

    ট্রাম্প আরও প্রশ্ন তোলেন, ভিয়েতনাম, আফগানিস্তান ও ইরাকে দীর্ঘদিনের সামরিক অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিশংসনের দাবি কেন ওঠেনি।

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসনও হেগসেথের বিরুদ্ধে আনা প্রস্তাবের সমালোচনা করেছেন। তাঁদের মতে, এ উদ্যোগ অন্যায্য। অন্যদিকে প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু নেতা হাকিম জেফ্রিস, সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমারসহ ডেমোক্র্যাট নেতারা ম্যাসির প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়েছেন।

    নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে উদ্বিগ্ন নন বলে জানিয়েছেন হেগসেথ। সোমবার এক বার্তায় তিনি ট্রাম্পের অতীত অভিশংসনের প্রসঙ্গ টেনে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প দুবার অভিশংসনের মুখে পড়েছিলেন; তাঁর ক্ষেত্রে এটি কাজ করেনি, আমার বেলাতেও করবে না।’

    যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে মাত্র একবার কোনো প্রতিরক্ষামন্ত্রী অভিশংসিত হয়েছিলেন। ১৮৭৬ সালে বিপুল পরিমাণ ঘুষ গ্রহণের অভিযোগে তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী উইলিয়াম বেলকন্যাপের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। পরে তিনি পদত্যাগ করেন। ফলে ম্যাসির প্রস্তাব গৃহীত হলে ১৫০ বছর পর দ্বিতীয়বারের মতো কোনো মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া এগোবে।

    সূত্র: রয়টার্স


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন