শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • বনানীতে আগের চেয়েও বেপরোয়া কিশোর গ্যাং

    বনানীতে আগের চেয়েও বেপরোয়া কিশোর গ্যাং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে কিশোর গ্যাং-এর বেপরোয়া কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। তাদের প্রকাশ্যে মাদক সেবন ও সীমাহীন বেয়াদবির কারণে লজ্জায় মুখ লুকাতে হয় মুরব্বিদের। দলবল নিয়ে মহল্লার অলিগলিতে মহড়া, দেশীয় অস্ত্রশস্ত্র প্রদর্শন, নারীদের ইভটিজিং, আধিপত্য বিস্তারে বিরোধী গ্রুপের সঙ্গে সংঘর্ষ তাদের নিত্যদিনের ঘটনা। কেউ সাহস করে তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে তার জীবন নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে। তাদের বিরুদ্ধে প্রতিবাদ অথবা তাদের অভিভাবকদের কাছে অভিযোগ করে ইতিমধ্যে এলাকার অনেকেই লাঞ্ছিত হয়েছেন। অসম্মান হয়ে লজ্জায় এলাকা ছাড়ার দশা হয়েছে। এমন অনেক অভিযোগ পাওয়া গেছে মহাখালীর কিশোর গ্যাং-এর কয়েকটি গ্রুপের বিরুদ্ধে।

    অনুসন্ধানে জানা গেছে, এসব কিশোর গ্যাং গুলোকে রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ব্যবহার করার জন্য শেল্টার দেন স্থানীয় কিছু বড় ভাই নামক নেতা। তাদের দিয়ে চাঁদাবাজি, মাদক ব্যবসা, হামলা, দখল ও মিটিং মিছিলে ব্যবহার করেন বড় ভাইরা। তার বদলে কিশোর গ্যাং-এর সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে যেভাবেই হোক তা ম্যানেজ করে ফেলেন বড় ভাইরা। প্রতিটি গ্যাং কোনো না কোনো রাজনৈতিক পদপদবি থাকা বড় ভাইয়ের অধীনে তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে।

    এলাকাবাসীর দেওয়া তথ্য সূত্রে জানা যায়, আগষ্টের গণঅভ্যুত্থানের পর একদলের বড় ভাইরা পালিয়ে গেলেও কিশোর গ্যাং গুলো আগের জায়গাতেই আছে। তারা শুধু বড় ভাই বদলেছে। কিছুদিন ঘাপটি মেরে থাকলেও এখন তারা নতুন বড় ভাইয়ের ছায়ায় আগের চেয়েও অধিক বেপরোয়া হয়ে উঠেছে। বড় ভাইরাও দল ভারী করতে এবং ক্ষমতার জানান দিতে তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে।

    মহাখালীতে সবচেয়ে বেশি আলোচনা যেই কিশোর গ্যাং টিকে ঘিরে তাদের দেখা যায় ওয়্যারলেস গেইটে স্কয়ার বিল্ডিং এর পিছনে প্রতিদিন সন্ধ্যার পর থেকে এক সঙ্গে ২০-৩০ জন আড্ডা দিতে। আড্ডার ফাঁকে ফাঁকে আতশবাজি করে এলাকায় আতংক সৃষ্টি করে। তারা এই এলাকার ফুটপাতের দোকান থেকে চাঁদাবাজি করে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো তাদের লাগামহীন মাদক ব্যবসা নিয়ে। তারা ইয়াবা ব্যবসা করে। তারা পুরো এলাকায় ভয়াবহ ভাবে মাদক ছড়িয়ে দিয়েছে। আগে এই গ্যাং-টি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বনানী থানা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নাছির এর হয়ে কাজ করতো। এখন তারা বনানী থানা ছাত্রদলের সভাপতি মো. নাঈম উদ্দিন মিজবাহ শেল্টারে কাজ করে।

    উক্ত কিশোর গ্যাং-এর প্রধান সমন্বয়ক আহসানুল হাসান ইমন ওরফে টাকলা ইমন ও তার সহযোগী জুয়েল ওরফে রকার জুয়েল। টাকলা ইমন নিজেকে নাঈম উদ্দিন মিজবাহ এর ভাই বলে পরিচয় দেয়। সরেজমিনে মিজবাহকে ওয়্যারলেস গেইট এলাকায় মাদ্রাসা গলিতে এই কিশোর গ্যাং এর সদস্যদের নিয়মিত আড্ডা দিতে দেখা যায়। 

    গত মাসে চাঁদার দাবিতে বৈশাখী টেলিভিশনের পাশের গলিতে হেলমেট পড়িহিত এক সন্ত্রাসীর গুলিবর্ষণের ঘটনার সময় নাঈম উদ্দিন মিজবাহর ঘনিষ্ঠ সাব্বির নামক যুবককেও সেখানে দেখা গিয়েছিল।

    সোমবার (২২ ডিসেম্বর) কিশোর গ্যাং এর অন্যতম সদস্য জাহিদ ওয়্যারলেস গেইট এলাকার দূরবীন রেস্টুরেন্টে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। ক্যাশিয়ারকে হুমকি প্রদান করে এবং নিরাপত্তা কর্মীকে মারধর করে। পরে তাদের গ্যাং এর অন্য সদস্যদের ডেকে এনে পার্কিংয়ে থাকা গাড়ি ভাঙচুর করে। জানা গেছে, জাহিদ বনানী থানা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক নুর আলম রাসেলের আপন ছোট ভাই।

    তাদের বেপরোয়া সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী ও ব্যবসায়ীরা। গত ২১ জানুয়ারি, মহাখালীতে জল খাবার রেস্টুরেন্ট ও মিষ্টান্ন ভান্ডারে হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তারা জড়িত।

    তার পরের দিন ২২ জানুয়ারি, বনানীর এরশাদ নগর এলাকায় জায়গা দখল করতে গিয়ে তাদের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বেলতলার বাসিন্দারা কিশোর গ্যাং এর অত্যাচার থেকে রক্ষা পেতে ২৬ জানুয়ারি রাতে বনানী থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। গত ১৫ অক্টোবর, এই কিশোর গ্যাং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কড়াইল বস্তির একজন অটোরিকশা চালককে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে সাত হাজার টাকা মুক্তিপণ আদায় করে।

    এর আগে গত ৮ আগষ্ট, তারা মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি তিতুমীর কলেজের পেছনে বিটিসিএল কলোনির জমি দখলে সহযোগিতা করে এক দখলকারীদের। সেখানে এখন স্থাপনা গড়ে তোলা হয়েছে।

    কয়েকমাস আগে এই কিশোর গ্যাং-এর এক সদস্য এলাকার এক দোকান থেকে বিকাশে এক নাম্বারে ১০ হাজার টাকা পাঠায়। টাকা পাঠিয়ে দেওয়ার পর দোকানদারকে বলে টাকা পরে দিবে। দোকানদার ছেলেটিকে আটকিয়ে রেখে তার অভিভাবককে খবর দেয়। ছেলেটির মা এসে বলে টাকা রাতে দিয়ে যাবে। রাতে টাকা না দিয়ে উল্টো তার গ্যাং এর সদস্যদের নিয়ে এসে দোকানদারকে হুমকি ধামকি দেয়। ভয়ভীতি দেখায়। দোকানদার এ ঘটনায় বনানী থানায় লিখিত অভিযোগ দায়ের করলে স্থানীয় ক’জন বিএনপি নেতা দোকানদারকে অভিযোগ তুলে নিতে অনুরোধ করে। তাদের অনুরোধ অভিযোগ তুলে নিলেও এখনও দোকানদার ১০ হাজার টাকা পাননি।

    এদিকে মহাখালী ওয়্যারলেস গেইট মোড়ে রাতে ভাসমান খাবার বিক্রেতাদের কয়েকজন অভিযোগ করেন, বনানী থানা ছাত্রদলের সভাপতি মো. নাঈম উদ্দিন মিজবাহ প্রায়ই তার দলবল নিয়ে এসে খাবার খেয়ে টাকা না দিয়ে চলে যায়। টাকা চাইলে দোকান উঠিয়ে দেওয়ার হুমকি দেন। আবার মারধর করেন।

    কিশোর গ্যাং বেপরোয়া হয়ে ওঠা ও তাদের নিয়ন্ত্রণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, যারা গ্যাং তৈরি করছে এবং নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে অপরাধ করাচ্ছে, তারা আইনের মুখোমুখি হওয়া থেকে দূরেই থাকছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হবে পেছনের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় নিয়ে আসা। একই সঙ্গে সামাজিক অনুশাসন এবং দায়বদ্ধতার সংস্কৃতি জোরালোভাবে প্রয়োগ করলে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে আসার পরিস্থিতি সৃষ্টি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন