শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • থাইরয়েডের সমস্যা বাড়ায় যেসব অভ্যাস

    থাইরয়েডের সমস্যা বাড়ায় যেসব অভ্যাস
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রতিদিনের জীবনযাপন অনেক সময় শরীরের হরমোন ভারসাম্যের ওপর প্রভাব ফেলে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এসব অভ্যাসের প্রতি সতর্ক না থাকা যায়, তবে নিঃশব্দে থাইরয়েডের সমস্যা বৃদ্ধি পেতে পারে।

    থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন শরীরের বিপাকক্রিয়া, হৃদ্স্পন্দন, রক্তচাপ নিয়ন্ত্রণসহ বহু গুরুত্বপূর্ণ কাজ পরিচালনা করে।

    এই হরমোনের নিঃসরণ বেশি হলে এক ধরনের সমস্যা দেখা দেয়, আবার মাত্রা কমে গেলে হয় ভিন্ন সমস্যা। কারো ওজন বেড়ে যায়, কারো আবার অস্বাভাবিক ভাবে কমে যায়। হরমোনের ভারসাম্য নষ্ট হলে ক্লান্তি, উদ্বেগ, বুক ধড়ফড়ানি, অল্পতেই ঠান্ডা লাগা, ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। সময়মতো চিকিৎসা না হলে সমস্যা আরো জটিল আকার নিতে পারে।

    কম ঘুম
    বর্তমানে অনেকেই পর্যাপ্ত ঘুম পাচ্ছেন না—কেউ অনিদ্রায় ভোগেন, কেউ কাজের শিফ্ট বা সময়ের অভাবে। শিশু থেকে বৃদ্ধ—অনেকের পক্ষেই দিনে ৭-৮ ঘণ্টা ঘুমানো সম্ভব হচ্ছে না। কিন্তু দীর্ঘদিন কম ঘুম হলে শুধু শরীর বিশ্রাম পায় না, থাইরক্সিনসহ বিভিন্ন হরমোনের ভারসাম্যও বিঘ্নিত হয়। চিকিৎসকদের মতে, নিয়মিত সাত ঘণ্টার কম ঘুম হলে থাইরয়েড হরমোনের নিঃসরণ কমে যেতে পারে, যা ধীরে ধীরে নানা শারীরিক সমস্যার জন্ম দেয়।

    দুশ্চিন্তা ও মানসিক চাপ
    দীর্ঘস্থায়ী মানসিক চাপ ও উদ্বেগ থাইরয়েডের কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলে। সাময়িক দুশ্চিন্তা শরীর সামলে নিতে পারলেও, চাপ যদি দীর্ঘদিন চলতে থাকে তবে সমস্যা গুরুতর হতে পারে। পরিস্থিতিগত কারণে চাপ এড়ানো সব সময় সম্ভব না হলেও নিয়মিত শরীরচর্চা, ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে মনকে শান্ত রাখা যায়।

    কড়া ডায়েট বা অনিয়মিত খাওয়া
    দীর্ঘ সময় না খেয়ে থাকা, অনিয়মিত খাবার বা পুষ্টিহীন ডায়েট থাইরয়েডের সমস্যা বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ ছাড়া ওজন কমাতে গিয়ে অতিরিক্ত কড়া ডায়েট করলে ঝুঁকি বাড়ে।

    দিনে ১০০০ ক্যালরির কম খাবার গ্রহণ করলে শরীর প্রয়োজনীয় শক্তি পায় না, ফলে বিপাকহার হঠাৎ কমে যেতে পারে এবং তার প্রভাব পড়ে থাইরয়েড গ্রন্থির ওপর।

    ভুল সাপ্লিমেন্টের ব্যবহার
    ওজন কমানো বা পেশি গঠনের জন্য অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নানা সাপ্লিমেন্ট গ্রহণ করেন। চিকিৎসকদের মতে, অনিয়ন্ত্রিত সাপ্লিমেন্ট হরমোনের স্বাভাবিক কার্যপ্রক্রিয়ায় ব্যাঘাত ঘটাতে পারে, যার প্রভাব থাইরয়েডের ওপরও পড়ে। তাই সাপ্লিমেন্ট গ্রহণের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

    শরীরচর্চার অভাব
    অনিয়ন্ত্রিত জীবনযাপন ও ব্যায়ামের অভাব পরোক্ষভাবে থাইরয়েডের সমস্যাকে বাড়িয়ে দেয়। নিয়মিত শরীরচর্চা শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গকে সক্রিয় ও সুস্থ রাখে, ফলে হরমোনের ভারসাম্যও বজায় থাকে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন