বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

মধ্যরাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

মধ্যরাতে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিটে তিনি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন।

রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এই শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে রাজধানীতে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট দায়িত্ব পালন করবে শহীদ মিনার ও আশপাশের এলাকায়।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহিদুর রহমান জানিয়েছেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান ঘিরে কোনো নির্দিষ্ট হুমকি নেই। তবে সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবার বেলা ১১টা ২০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত ব্রিফিংয়ে তিনি জানান, শহীদ মিনার এলাকাকে ঘিরে বহুস্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ মিনারের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও প্রশিক্ষিত কুকুরদল দিয়ে এলাকা তল্লাশি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি বিশেষ বাহিনী সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। ভিভিআইপি, ভিআইপি ও রাজনৈতিক নেতৃবৃন্দের শ্রদ্ধা নিবেদনের বিষয়টি বিবেচনায় রেখে আলাদা নিরাপত্তা পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও রাতের প্রথম প্রহরেই জাতি ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন