বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ততা, ফিরেছে স্বাভাবিক কার্যক্রম

ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ততা, ফিরেছে স্বাভাবিক কার্যক্রম
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সচিবালয়সহ দেশের সব সরকারি দপ্তর, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। ছুটি শেষে কর্মস্থলে ফিরে কর্মকর্তা-কর্মচারীরা সহকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন।

গত ২১ মার্চ সারা দেশে ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে সরকার ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিল।

ছুটি শেষে সকাল থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকাল সাড়ে আটটা থেকে তারা দলে দলে অফিসে আসতে শুরু করেন। নির্ধারিত সময় অনুযায়ী সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমানও সচিবালয়ে তার দপ্তরে যোগ দেন।

সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিবসহ সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় করছেন। অনেকেই ঈদের আনন্দ ভাগ করে নিতে কোলাকুলি করেন।

দীর্ঘ ছুটির পর সচিবালয়ের পরিবেশে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। কেউ কেউ গ্রামের বাড়ি থেকে সরাসরি অফিসে এসে কাজে যোগ দিয়েছেন। তাদের কথাবার্তায় এখনও ছিল ঈদের আনন্দের ছোঁয়া।

এদিন অফিস খোলার প্রথম দিন হওয়ায় অনেকেই এটিকে আনুষ্ঠানিকতা ও সহকর্মীদের সঙ্গে সাক্ষাতের দিন হিসেবে দেখছেন। তবে ধীরে ধীরে দাপ্তরিক কাজও পুরোদমে শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছুটি শেষে সচিবালয়ের বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মোটামুটি স্বাভাবিক রয়েছে। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করা অধিকাংশ কর্মী ইতোমধ্যে ঢাকায় ফিরে এসে দায়িত্ব পালন শুরু করেছেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন