বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সংসদ কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্পিকার

সংসদ কার্যক্রম দেখতে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার স্পিকার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের স্পিকার মিল্টন ডিকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চলতি সপ্তাহে ঢাকায় আসছে। সফরকালে তারা বাংলাদেশের জাতীয় সংসদের কার্যক্রম পর্যবেক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে এক বৈঠকে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল এই সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সফরসূচি অনুযায়ী, অস্ট্রেলীয় প্রতিনিধিদল জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়া তারা জাতীয় সংসদ ভবন এবং জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। একই সঙ্গে সংসদ অধিবেশনের কার্যক্রমও সরাসরি পর্যবেক্ষণ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

বৈঠকে জ্বালানি খাতে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশে জ্বালানির চাহিদা পূরণে অস্ট্রেলিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।

এছাড়া কৃষি, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের শ্রমশক্তির দক্ষতা উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেন। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বহুমাত্রিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন