বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোগ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের গ্রাম থেকে শহর—সব বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে একটি সমন্বিত জাতীয় প্রকল্প হাতে নিয়েছে সরকার। উপজেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য অধিদপ্তর এ প্রকল্পের প্রস্তুতি সম্পন্ন করেছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩০ জুন অনুমোদনের অপেক্ষায় থাকা নতুন জাতীয় বাজেটে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ এবং প্রতিবন্ধিতা নিরূপণ ও হ্রাসে বিশেষ অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এই বরাদ্দের মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ করা হবে।

‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’—এই প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করেছে সিএসএফ সেন্টার।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের প্রকৃত অর্থ শুধু অবকাঠামো নির্মাণ নয়; বরং সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের অধিকার নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। একটি মানবিক সমাজ গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সমঅধিকার নিশ্চিত করতে হবে।

তিনি আরও জানান, জন্মগত বা বিভিন্ন কারণে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের যাতে অবহেলিত না হতে হয় এবং তারা শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ পায়, সে লক্ষ্যেই সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত প্রকল্পের আওতায় দেশের প্রতিটি উপজেলায় বিশেষ কর্মসূচি চালু করা হবে। এর মাধ্যমে শহর, নগর ও প্রত্যন্ত অঞ্চলের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে।

শিক্ষাক্ষেত্রেও সমঅধিকার নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয় দীর্ঘমেয়াদি উদ্যোগ নিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, সাধারণ বিদ্যালয়গুলোতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের প্রশিক্ষণ এবং বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের কাজ করা হবে।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গে তিনি জানান, সেখানে চালু হওয়া ‘শিশু স্বর্গ’ কর্মসূচির কার্যক্রম বছরজুড়ে চলবে। দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের চিকিৎসকরা নিয়মিত সিএসএফ সেন্টারে এসে শিশুদের চিকিৎসাসেবা প্রদান করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের সাধারণ সম্পাদক আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন