বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হাসপাতালের নিরাপত্তায় জরুরি অ্যালার্ম চালু হচ্ছে: স্বাস্থ্য মন্ত্রী

হাসপাতালের নিরাপত্তায় জরুরি অ্যালার্ম চালু হচ্ছে: স্বাস্থ্য মন্ত্রী
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে জরুরি (ইমারজেন্সি) অ্যালার্ম ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্প হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হবে।

ঢাকা মেডিকেল কলেজে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এ তথ্য জানান। তিনি বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই দুটি হাসপাতালে ইমারজেন্সি অ্যালার্ম ব্যবস্থা কার্যকর করা হবে। এর মাধ্যমে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা সম্ভব হবে।

ডেঙ্গু পরিস্থিতি নিয়েও সতর্কবার্তা দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই ও আগস্ট মাসে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

তিনি জানান, ডেঙ্গু দ্রুত শনাক্তের জন্য থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএস১ (NS1) পরীক্ষার কিট সরবরাহ করা হয়েছে। পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন বড় শহরের হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা হয়েছে, যাতে রোগীর চাপ বাড়লে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা যায়।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতাসহ সর্বস্তরের মানুষকে নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। বিশেষ করে মসজিদের ইমামদেরও জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন