বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৩১

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০৩১
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩১ জন শিশু আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৫ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৬৪৫ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে আরও ৯৩ শিশু। সব মিলিয়ে এই সময়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে মোট ৭৩৮ শিশুর মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ১০৬ শিশু। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৯২৫। এ সময়ে নতুন করে ৮৭৮ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর চিকিৎসা শেষে ৯০৪ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৬১৮ জনে। এর মধ্যে ১২ হাজার ৬৩২ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।

এ পর্যন্ত মোট ৮৮ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৮৫ হাজার ১২২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর অভিভাবকদের শিশুদের সময়মতো টিকা নিশ্চিত করা এবং হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন