বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ত্রুটি সংশোধনের দাবি আদ-দ্বীনের, পুনরায় পরিদর্শন করবে সরকার

ত্রুটি সংশোধনের দাবি আদ-দ্বীনের, পুনরায় পরিদর্শন করবে সরকার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষের ত্রুটি সংশোধনের দাবি যাচাই করতে পুনরায় পরিদর্শন করা হবে। পরিদর্শন শেষে পরিস্থিতি সন্তোষজনক হলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আদ-দীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কয়েকটি শিশুর মৃত্যুর ঘটনায় সরকার দায়িত্বশীল পদক্ষেপ নিয়েছে। কোনো ব্যবস্থা না নিলে সরকারের সমালোচনা হতো। তাই ঘটনার পরই সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

তিনি বলেন, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত বিষয়ে ত্রুটি পাওয়া গিয়েছিল। এসব সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ত্রুটিগুলো সংশোধনের কাজ করছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আদ-দীন হাসপাতাল পুনরায় পরিদর্শনের জন্য আবেদন করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি মূল্যায়ন করবেন। পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় দায়ের করা মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত হবে।

তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় এখনো হাসপাতালটিকে কোনো ধরনের চূড়ান্ত অনুমোদন দেয়নি। পুনরায় পরিদর্শনের ফলাফলের পরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন