বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি, দাবি রিজভীর

অপরিকল্পিত উন্নয়নেই বন্যা পরিস্থিতির অবনতি, দাবি রিজভীর
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতির অবনতির জন্য সাবেক সরকারের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডকে দায়ী করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, প্রকৃতিবিরোধী অবকাঠামো নির্মাণের ফলে বিভিন্ন অঞ্চলে পানির স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে, যার প্রভাব বন্যার সময় আরও ভয়াবহভাবে দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভীর অভিযোগ, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতে যাতায়াত সহজ করতে হাওরের মধ্য দিয়ে সড়ক নির্মাণ করা হয়েছিল। এতে প্রাকৃতিক পানিপ্রবাহে বাধা সৃষ্টি হয়েছে এবং হাওরের পরিবেশগত ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও দাবি করেন, রাজনৈতিক বিবেচনায় দলীয় ঠিকাদারদের সুবিধা দিতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হয়েছিল।

তিনি বলেন, একটি বিশেষ দেশকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়, যার কারণে সুন্দরবনসংলগ্ন পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতির মুখে পড়েছে বলে অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে বিএনপির এই নেতা জানান, সাবেক রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে দল সারা দেশে শোক পালন করছে। এ উপলক্ষে দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ ও দলীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেছেন।

এ সময় তিনি বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তায় সরকার, রাজনৈতিক দল এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি বিএনপির নেতাকর্মীদেরও সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন