বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি শিল্পখাতের ওপর গুরুত্ব দিলেন ফখরুল

অর্থনীতি পুনরুদ্ধারে বেসরকারি শিল্পখাতের ওপর গুরুত্ব দিলেন ফখরুল
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশের অর্থনীতি বর্তমানে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অতীতের ব্যাপক সম্পদ পাচারের প্রভাব কাটিয়ে অর্থনীতিকে পুনরুদ্ধার করা সরকারের জন্য কঠিন হলেও গুরুত্বপূর্ণ দায়িত্ব।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজারস অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বেসরকারি শিল্পখাতকে আরও গতিশীল করতে হবে। বিশেষ করে তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি উল্লেখ করে তিনি জানান, এ খাতের উদ্যোক্তাদের ব্যাংক ঋণের সুদের হার কমানোর বিষয়ে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক ধারায় আরও সুসংহত করাও সরকারের অন্যতম লক্ষ্য।

বিএনপি মহাসচিব বলেন, একটি ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনর্গঠন করতে হলে জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্থিতিশীলতা অপরিহার্য। তার ভাষায়, যে দেশে বিপুল সম্পদ পাচার হয়েছে এবং বেকারত্বের হার উদ্বেগজনক, সেখানে উন্নয়নের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক আস্থা।

তিনি জুলাইয়ের ঐক্যের চেতনাকে ধরে রাখার আহ্বান জানিয়ে বলেন, দেশের উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের স্বার্থে সব পক্ষকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় তিনি তৈরি পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবস্থাপকদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন