বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

এক ছাতার নিচে বহু এয়ারলাইন্স, কীভাবে চলছে বৈশ্বিক এভিয়েশন সাম্রাজ্য

এক ছাতার নিচে বহু এয়ারলাইন্স, কীভাবে চলছে বৈশ্বিক এভিয়েশন সাম্রাজ্য
ছবি: এআই
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বের আকাশপথে প্রতিদিন হাজারো ফ্লাইট পরিচালনা করলেও অধিকাংশ পরিচিত এয়ারলাইন্সের পেছনে রয়েছে হাতে গোনা কয়েকটি বৃহৎ এভিয়েশন গ্রুপ। যাত্রীদের কাছে আলাদা ব্র্যান্ড হিসেবে পরিচিত হলেও এসব এয়ারলাইন্সের মালিকানা ও পরিচালনা কাঠামো একই করপোরেট গ্রুপের অধীনে। ফুল-সার্ভিস ও স্বল্পমূল্যের (লো-কস্ট) উভয় ধরনের এয়ারলাইন্স পরিচালনার মাধ্যমে তারা বৈশ্বিক বিমান পরিবহন খাতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে।

বর্তমানে ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়ার বেশিরভাগ বড় এয়ারলাইন্স কোনো না কোনো আন্তর্জাতিক এভিয়েশন গ্রুপের অংশ। এই মডেল শুধু পরিচালন ব্যয় কমায় না, বরং নতুন বাজারে সম্প্রসারণ, যাত্রীসেবা বৈচিত্র্য এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতেও সহায়তা করে।

টাটা গ্রুপ (ভারত)

ভারতের টাটা গ্রুপ বর্তমানে জাতীয় পতাকাবাহী এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস পরিচালনা করছে। আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে এয়ার ইন্ডিয়ার বড় ধরনের পুনর্গঠনও চলছে।

সিঙ্গাপুর এয়ারলাইন্স গ্রুপ

এই গ্রুপের অধীনে রয়েছে বিশ্বখ্যাত সিঙ্গাপুর এয়ারলাইন্স এবং বাজেট এয়ারলাইন স্কুট।

ক্যান্টাস গ্রুপ (অস্ট্রেলিয়া)

অস্ট্রেলিয়ার এই গ্রুপ পরিচালনা করছে ক্যান্টাস ও স্বল্পমূল্যের জেটস্টার।

মালয়েশিয়া এভিয়েশন গ্রুপ

এই গ্রুপের আওতায় রয়েছে মালয়েশিয়া এয়ারলাইন্স এবং ফায়ারফ্লাই।

লুফথানসা গ্রুপ (জার্মানি)

ইউরোপের অন্যতম বৃহৎ এভিয়েশন গ্রুপ লুফথানসা, সুইস, অস্ট্রিয়ান এয়ারলাইন্স, ব্রাসেলস এয়ারলাইন্স, ইউরোউইংস ও আইটিএ এয়ারওয়েজ পরিচালনা করছে।

ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স গ্রুপ (IAG)

যুক্তরাজ্য ও স্পেনভিত্তিক এই গ্রুপের অধীনে রয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ, আইবেরিয়া, এর লিঙ্গাস, ভুয়েলিং ও লেভেল।

এয়ার ফ্রান্স-কেএলএম গ্রুপ

এই গ্রুপ পরিচালনা করছে এয়ার ফ্রান্স, কেএলএম, ট্রান্সাভিয়া ফ্রান্স এবং ট্রান্সাভিয়া নেদারল্যান্ডস।

এএনএ হোল্ডিংস (জাপান)

জাপানের অল নিপ্পন এয়ারওয়েজ (ANA) এবং পিচ এভিয়েশন পরিচালনা করছে এই গ্রুপ।

কোরিয়ান এয়ার গ্রুপ

দক্ষিণ কোরিয়ার এই গ্রুপের অধীনে রয়েছে কোরিয়ান এয়ার ও জিন এয়ার।

এয়ারএশিয়া এভিয়েশন গ্রুপ

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ বাজেট এভিয়েশন গ্রুপটি পরিচালনা করছে এয়ারএশিয়া মালয়েশিয়া, থাই এয়ারএশিয়া, ইন্দোনেশিয়া এয়ারএশিয়া, এয়ারএশিয়া ফিলিপাইনস ও এয়ারএশিয়া কম্বোডিয়া।

লায়ন এয়ার গ্রুপ (ইন্দোনেশিয়া)

এই গ্রুপের আওতায় রয়েছে লায়ন এয়ার, বাটিক এয়ার, সুপার এয়ার জেট, উইংস এয়ার, থাই লায়ন এয়ার এবং বাটিক এয়ার মালয়েশিয়া।

ইন্ডিগো পার্টনার্স

যুক্তরাষ্ট্রভিত্তিক এই বিনিয়োগ প্রতিষ্ঠান উইজ এয়ার, ফ্রন্টিয়ার এয়ারলাইন্স, ভোলারিস এবং জেটস্মার্ট-এ বিনিয়োগ করেছে।

রায়ানএয়ার হোল্ডিংস

ইউরোপের সবচেয়ে বড় বাজেট এয়ারলাইন গ্রুপটি পরিচালনা করছে রায়ানএয়ার, মাল্টা এয়ার, বাজ এবং লাউডা ইউরোপ।

তুর্কিশ এয়ারলাইন্স গ্রুপ

এই গ্রুপের অধীনে রয়েছে তুর্কিশ এয়ারলাইন্স এবং এজেট (সাবেক আনাদোলুজেট)।

কেন একই গ্রুপ একাধিক এয়ারলাইন্স পরিচালনা করে?

বিশ্লেষকদের মতে, একই গ্রুপের আওতায় একাধিক ব্র্যান্ড পরিচালনা করলে ভিন্ন ধরনের যাত্রীদের জন্য আলাদা সেবা দেওয়া সহজ হয়। একটি এয়ারলাইন্স পূর্ণাঙ্গ সেবা দিলেও অন্যটি স্বল্পমূল্যের ভ্রমণ সুবিধা দেয়। পাশাপাশি বিমান কেনা, রক্ষণাবেক্ষণ, পাইলট প্রশিক্ষণ, প্রযুক্তি ব্যবহার ও প্রশাসনিক ব্যয় কমানো সম্ভব হয়।

এ ছাড়া স্থানীয় ব্র্যান্ডের পরিচিতি ধরে রাখা, দ্রুত নতুন রুট চালু করা এবং বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার ক্ষেত্রেও এই করপোরেট কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খাতসংশ্লিষ্টদের ধারণা, আগামী বছরগুলোতে বিশ্বের বিমান পরিবহন শিল্পে এ ধরনের মালিকানা কাঠামো আরও বিস্তৃত হবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন