বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান

নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের পুরস্কার দিলেন তারেক রহমান
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’ স্লোগান এবং ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এবারের প্রতিযোগিতার জাতীয় পর্বের সমাপ্তি ঘটে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্টেডিয়ামের মাঠ প্রদক্ষিণ করে গ্যালারিতে উপস্থিত শিশু-কিশোরদের শুভেচ্ছার জবাব দেন। পরে তিনি তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে হাত মেলান। এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রধানমন্ত্রী বালিকা বিভাগের ফুটবল ফাইনাল এবং বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়া স্কুল শিক্ষার্থীদের পরিবেশিত মনোজ্ঞ ডিসপ্লেও তিনি উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে আঞ্চলিক পর্বের উদ্বোধনের মাধ্যমে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের যাত্রা শুরু হয়।

দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। বিভিন্ন পর্যায়ে প্রতিভা বাছাই শেষে জাতীয় পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন