বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ

হাম কেড়ে নিল আরও ৩ শিশুর প্রাণ
ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮৩১ জনে।

বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে হামজনিত উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৮৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭৩৫ জন এবং সরাসরি হামে আক্রান্ত হয়ে ৯৬ জন মারা গেছেন।

নতুন করে আক্রান্ত আরও ১ হাজার ৭৫ জন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত দেশে মোট ১৫ হাজার ৭৩৯ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ১ লাখ ২৬ হাজার ৫৪০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

হাসপাতালে ভর্তি এক লাখের বেশি রোগী

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন ভর্তি হয়েছেন।

এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫ হাজার ১৯৮ জন।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম, দ্রুত রোগ শনাক্তকরণ এবং আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশুদের মধ্যে রোগটির বিস্তার ঠেকাতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন