বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

সৌদির উদ্যোগে বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম ও আলেমের বিশেষ প্রশিক্ষণ শুরু

 সৌদির উদ্যোগে বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম ও আলেমের বিশেষ প্রশিক্ষণ শুরু
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশের ধর্মীয় নেতাদের দক্ষতা বৃদ্ধি এবং সমাজে মধ্যপন্থী ও সহনশীল ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পাঁচ দিনব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সৌদি আরব। দেশটির ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশের ৫০০ জনেরও বেশি ইমাম ও ধর্মীয় আলেম অংশ নিচ্ছেন।

রোববার (২ আগস্ট) থেকে শুরু হওয়া এই কর্মসূচির সমন্বয় করছে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ধর্মীয়বিষয়ক প্রতিনিধি (রিলিজিয়াস অ্যাটাশে) কার্যালয়।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশিক্ষণ কর্মসূচিতে ইসলামি শিক্ষার মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে ধর্মীয় সহনশীলতা, সামাজিক সম্প্রীতি এবং মধ্যপন্থী ইসলামি চর্চার গুরুত্ব তুলে ধরা হবে।

আয়োজকদের ভাষ্য, বর্তমান সময়ে ধর্মীয় নেতাদের দায়িত্ব শুধু ধর্মীয় শিক্ষা দেওয়া নয়, বরং সমাজে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায়ও কার্যকর ভূমিকা রাখা। সে লক্ষ্যেই এই প্রশিক্ষণে চরমপন্থা, বিভ্রান্তি ও অসহিষ্ণুতা থেকে দূরে থেকে কোরআন-সুন্নাহভিত্তিক ভারসাম্যপূর্ণ ইসলামি চিন্তা ও মূল্যবোধ প্রচারের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

কর্মসূচিতে বাংলাদেশের বিভিন্ন জেলা ও অঞ্চলের নির্বাচিত ৫০০ জনের বেশি ইমাম ও আলেম সরাসরি অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে ধর্মীয় নেতৃত্বের দক্ষতা উন্নয়ন, সমসাময়িক সামাজিক ও ধর্মীয় চ্যালেঞ্জ মোকাবিলা এবং জনগণের মধ্যে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই ধরনের প্রশিক্ষণ ধর্মীয় নেতাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সমাজে শান্তি, সহনশীলতা ও দায়িত্বশীল ধর্মীয় নেতৃত্ব গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন