বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা

জুলাই গণঅভ্যুত্থান দিবস ঘিরে ঢাকায় কড়া নিরাপত্তা
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দিনটি ঘিরে সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী জানান, যেখানে জনসমাগম বেশি হবে, সেখানে সোয়াট, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মোতায়েন করে বিশেষ সুইপিং কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে পর্যাপ্ত কুইক রেসপন্স টিম (কিউআরটি)।

তিনি জানান, নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীজুড়ে পিকেটিং ও চেকপোস্ট কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বিশেষ করে ঢাকার প্রবেশপথগুলোতে তল্লাশি জোরদার করা হবে এবং যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর কড়াকড়ি নজরদারি থাকবে।

ডিএমপি জানায়, ডিবি ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা সাদা পোশাকে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থল ও কৌশলগত স্থানে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া জুলাই স্মৃতিস্তম্ভসহ সব গুরুত্বপূর্ণ ভেন্যুকে সিসিটিভি ক্যামেরা ও ড্রোন নজরদারির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সিটিএসবি ও আইএডি ইউনিটের গোয়েন্দা তৎপরতাও অব্যাহত থাকবে।

ডিএমপি আরও জানায়, নিয়মিত পুলিশের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য, র‍্যাব ও সিআইডি যৌথভাবে রাজধানীর নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে। নিরাপত্তা কার্যক্রমের সার্বিক তদারকিতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারাও সরাসরি দায়িত্ব পালন করবেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন