বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

রাষ্ট্র মেরামত ও গণতান্ত্রিক কাঠামো গড়ার কথা বললেন তথ্যমন্ত্রী

রাষ্ট্র মেরামত ও গণতান্ত্রিক কাঠামো গড়ার কথা বললেন তথ্যমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে যেন ভবিষ্যতে আর কখনো জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত না হয়, সে জন্য শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ‘শিকল ভাঙার জুলাই’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণকে বারবার অধিকার আদায়ের আন্দোলনে নামতে হয়েছে। এ বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে এমন একটি রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ জনগণের কণ্ঠ, অধিকার কিংবা স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে না পারে।

তিনি বলেন, অতীতে বিভিন্ন আন্দোলনে রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জন এলেও কাঙ্ক্ষিত পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখা যায়নি। এবার শুধু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ নয়, রাষ্ট্র সংস্কার ও নতুন কাঠামো গঠনের লক্ষ্য নিয়েই এগোনোর কথা তুলে ধরেন তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, গণঅভ্যুত্থানের অর্জনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পুরোনো ব্যবস্থার পরিবর্তে কার্যকর সংস্কার প্রয়োজন। এ লক্ষ্যে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার এবং ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে সরকারের অবস্থান পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যেই স্পষ্ট হয়েছে এবং তিনি সেই অবস্থানের সঙ্গেই একমত।

অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. শাহ আলম এবং প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন