বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমান, প্রকৌশলী পৌঁছালেই সমাধান

কারিগরি ত্রুটিতে রোমে আটকা বিমান,  প্রকৌশলী পৌঁছালেই সমাধান
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

কারিগরি ত্রুটির কারণে ইতালির রোমের ফিউমিচিনো বিমানবন্দরে আটকে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টরন্টো-ঢাকা রুটের বিজি৩০৬ ফ্লাইটটি দেশ থেকে প্রকৌশলী পৌঁছানোর পর ঢাকার উদ্দেশে উড্ডয়ন করবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইতালি কান্ট্রি ম্যানেজার এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটের দিকে নিয়মিত জ্বালানি নেওয়ার সময় উড়োজাহাজটিতে কারিগরি ত্রুটি ধরা পড়ে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ শুরু হলেও প্রকৌশলীর প্রয়োজন হওয়ায় ফ্লাইটটির যাত্রা বিলম্বিত হচ্ছে।

বিজি৩০৬ ফ্লাইটটি বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টা ১৮ মিনিটে কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে। প্রায় আট ঘণ্টা উড্ডয়নের পর শুক্রবার সকাল ৭টা ১৯ মিনিটে রোমের ফিউমিচিনো বিমানবন্দরে অবতরণ করে। ফ্লাইটটিতে আড়াই শতাধিক যাত্রী রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ইতালি কান্ট্রি ম্যানেজার জানান, কারিগরি ত্রুটি মেরামতের জন্য বাংলাদেশ থেকে প্রকৌশলী রোমে পাঠানো হচ্ছে। তিনি পৌঁছানোর পর প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করা হবে। এরপর উড়োজাহাজটির নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করে ঢাকার উদ্দেশে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে।

তবে প্রকৌশলী ঠিক কখন রোমে পৌঁছাবেন এবং ফ্লাইটটি কখন ঢাকার উদ্দেশে রওনা হবে, তা এখনো নিশ্চিত করা হয়নি।

এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে উড়োজাহাজটির প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা ও ত্রুটি নিরসনের কাজ চলছে। ত্রুটি পুরোপুরি ঠিক করার পর এবং সব ধরনের নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন হলে ফ্লাইটটি রোম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

এদিকে রোমে আটকে থাকা বিজি৩০৬ ফ্লাইটের যাত্রীদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা, খাবারসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন