বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চাইল বাংলাদেশ

ঢাকায় লিথুয়ানিয়ার ভিসা সেন্টার চাইল বাংলাদেশ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি দক্ষ জনশক্তি নিয়োগ, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা এবং তথ্যপ্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিসিয়েন সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ বিনিময়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

পররাষ্ট্র উপদেষ্টা দুই দেশের মধ্যে চলমান যোগাযোগ ও সহযোগিতার প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তির সম্ভাবনার কথা তুলে ধরে লিথুয়ানিয়ায় বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান।

বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়েও গুরুত্ব দেন হুমায়ুন কবির। এ লক্ষ্যে ঢাকায় লিথুয়ানিয়ার একটি ভিসা সেন্টার স্থাপনের জন্য দেশটির রাষ্ট্রদূতের কাছে অনুরোধ জানান তিনি।

সাক্ষাতে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত দেশটির সঙ্গে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন