বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

আল কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিবেদনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রতিবেদনটি এখনো তিনি পড়েননি। তাই সেখানে দেওয়া পর্যবেক্ষণ বা অনুমানের ভিত্তিতে কোনো পদক্ষেপ নেওয়ার প্রশ্ন নেই।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেশটিতে স্থায়ী ঘাঁটি ও গোপন সেল তৈরির চেষ্টা চালাচ্ছে আল কায়েদা।

প্রতিবেদনটি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সেটা পড়িনি। সেখানে হয়তো কিছু অবজারভেশন দিতে পারে। আমি না দেখে বলতে পারব না।’

তিনি বলেন, ‘আমরা এগুলো আমলে নিচ্ছি না, রিপোর্টও এখনো পড়িনি। তাছাড়া আমি যতটুকু শুনেছি পত্রিকার অন্তরে, সেখানে বলা হয়েছে যে, তারা একটা এজাম্পশন করেছে। অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমাননির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো পদক্ষেপ নিচ্ছি না।’

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, প্রতিবেদনটি সরাসরি কোনো নিশ্চিত তথ্যের ভিত্তিতে তৈরি হয়েছে কি না, তা যাচাই না করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে না।

এদিকে, সালাহউদ্দিন আহমদকে অন্য কোনো মন্ত্রণালয় বা দপ্তরের দায়িত্ব দেওয়া হতে পারে—এমন গুঞ্জন নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন।

জবাবে তিনি বলেন, ‘আমি তো কোনো গুঞ্জন শুনিনি।’


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন