বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

হামের উপসর্গে একদিনে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১ হাজারের বেশি

হামের উপসর্গে একদিনে আরও ৭ মৃত্যু, শনাক্ত ১ হাজারের বেশি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের শরীরে। এছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন।

সোমবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ৮১৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯ জন। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১৫ জনে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ৩১ জনের। এ নিয়ে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮০ জন। ফলে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৭ হাজার ৯৩০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

হাসপাতালে ভর্তি লাখের বেশি

হামের উপসর্গ নিয়ে আক্রান্তদের মধ্যে বিপুলসংখ্যক রোগীকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিস্থিতি প্রতিবেদনে হামের উপসর্গ ও নিশ্চিত হাম—দুই ধরনের আক্রান্ত ও মৃত্যুর তথ্য আলাদাভাবে তুলে ধরা হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান ও চিকিৎসাসেবা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ

আরও পড়ুন